মূল লেখায় যান

আমাদের পদ্ধতি

খণ্ডন করতে বসলে সবচেয়ে সহজ কাজ হল প্রতিপক্ষের দুর্বলতম কথাটা ধরে জবাব দেওয়া। পাঠক হাততালি দেন, কিন্তু যিনি সত্যিই ওই মতে বিশ্বাস করেন তাঁর কিছুই বদলায় না।

তাই আমরা নিজেদের জন্য কিছু নিয়ম ঠিক করে নিয়েছি। এখানে লিখে রাখছি, যাতে পাঠক মিলিয়ে দেখতে পারেন আমরা নিজেদের নিয়ম মানছি কি না।

খণ্ডনের ছয় ধাপ

এক। মাহাল নির্ধারণ। ঠিক কোন দাবিটা নিয়ে কথা হচ্ছে, আর কোনটা নিয়ে হচ্ছে না, সেটা শুরুতেই বলা।

দুই। মতটি তার শক্তিশালী রূপে তুলে ধরা। তাদের নিজেদের লেখা থেকে, কারও সারসংক্ষেপ থেকে নয়। দুর্বল প্রতিপক্ষকে হারানো কোনো বিজয় নয়।

তিন। আকর্ষণের উৎস খোঁজা। মতটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য লাগে কেন। এই প্রশ্নটা বাদ দিলে খণ্ডন পাঠককে ছোঁয় না, কারণ তিনি ঠিক এই জায়গাটাতেই আটকে আছেন।

চার। দলিল দিয়ে জবাব। কুরআন, সুন্নাহ, ইজমা, আছার, তারপর আকল। এই ক্রমেই।

পাঁচ। পাল্টা যুক্তিগুলোর নিরসন। যেগুলোর সন্তোষজনক জবাব আমাদের কাছে নেই, সেগুলো চেপে না গিয়ে বলে দেওয়া।

ছয়। সারকথা ও করণীয়। পাঠক লেখাটা পড়ে কী করবেন, সেটা পরিষ্কার থাকা।

মতভেদের স্তর

সব দ্বিমত এক রকম নয়। ইজমার বিরুদ্ধে যাওয়া আর বৈধ ইজতিহাদি ইখতিলাফ একই পাল্লায় মাপলে পাঠক আস্থা হারাবেন, আর হারানোই উচিত।

তাই খণ্ডনমূলক প্রতিটি লেখার শুরুতে বলা থাকে, আলোচ্য মতটি কোন স্তরের:

  • ইজমাবিরোধী। উম্মাহর ঐকমত্যের বিপরীত।
  • রাজিহ-মারজূহের প্রশ্ন। দুটোই মত হিসেবে চলে, তবে একটি অগ্রগণ্য।
  • বৈধ ইজতিহাদি ইখতিলাফ। দুই দিকেই দলিল আছে। এখানে খণ্ডন নয়, তুলনা।
  • বিদআত। দ্বীনে নতুন সংযোজন।
  • ইসলামের গণ্ডির বাইরে। যা মেনে নিলে ঈমান থাকে না।

শেষ স্তরটি নিয়ে আমরা সবচেয়ে সতর্ক। তাকফীরের প্রশ্ন আলেমদের জামাআতের কাজ, ওয়েবসাইটের নয়। কোনো ব্যক্তিকে আমরা এখানে কাফির বলি না। মত আর ব্যক্তি আলাদা জিনিস।

সূত্রের ব্যাপারে

আয়াত ও হাদীস মূল আরবিসহ দেওয়া হয়। হাদীসের ক্ষেত্রে কিতাবের নাম ও নম্বর, আর সম্ভব হলে মান উল্লেখ করা হয়। কোনো বরাত যদি আমরা নিজে মিলিয়ে দেখতে না পারি, সেটা ব্যবহার করি না।